দুর্গাপুজোর ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে এবার বিশেষ উদ্যোগের পরিকল্পনা করেছে আদানি গোষ্ঠী। ‘দুর্গাপুজো প্রিভিউ ট্যুর’-এর মাধ্যমে দেশ-বিদেশের অতিথিদের শহরের বাছাই করা পুজোগুলি ঘুরিয়ে দেখানো হবে। একইসঙ্গে প্রায় ১০ হাজারেরও বেশি প্রবীণ নাগরিককে এই কর্মসূচির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

নবান্ন সূত্রে খবর, এই উদ্যোগ নিয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে আদানি গোষ্ঠী। ইতিমধ্যেই নবান্নের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেছেন সংস্থার প্রতিনিধিরা। পরিকল্পনা অনুযায়ী, তিনদিন ধরে কলকাতার আটটি নির্বাচিত পুজো পরিদর্শন করবেন অতিথিরা। মণ্ডপ ও প্রতিমা দর্শনের পাশাপাশি বাংলার শিল্পকলা, ঐতিহ্য এবং সংস্কৃতির বিভিন্ন দিক তাঁদের সামনে তুলে ধরা হবে।

১০ অক্টোবর থেকে শুরু হতে পারে এই বিশেষ পুজো প্রিভিউ। ১০, ১১ ও ১২ অক্টোবর তিনদিন ধরে চলবে পরিক্রমা। সাধারণ দর্শনার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই বিষয়টি মাথায় রেখে সময়সূচি তৈরি করা হচ্ছে। প্রাথমিকভাবে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত পুজোগুলি ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে। এই সফরের জন্য পুজো বাছাইয়ের ক্ষেত্রেও নির্দিষ্ট মাপকাঠি থাকবে। মণ্ডপের শিল্পসুষমা, সৃজনশীলতা, নকশা, বাস্তবায়ন এবং আয়োজনের দক্ষতার মতো বিষয়গুলি গুরুত্ব পাবে। ভবিষ্যতে আরও বেশি পুজোকে এই উদ্যোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।

আদানি ফাউন্ডেশন নির্বাচিত পুজোগুলিকে আর্থিক সহায়তা দিতে পারে বলেও সূত্রের খবর। দুর্গাপুজোকে কেন্দ্র করে পর্যটন বাড়ানোর পাশাপাশি স্থানীয় ব্যবসা এবং ছোট ও মাঝারি শিল্পের কাছে এর সুফল পৌঁছে দেওয়াও অন্যতম লক্ষ্য। এই কর্মসূচিতে প্রায় ৫০ জন বিশিষ্ট অতিথি অংশ নিতে পারেন। সরকারি প্রতিনিধি, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংবাদমাধ্যম, ইনফ্লুয়েন্সার, শিক্ষাবিদ, পড়ুয়া, কর্পোরেট কর্তাব্যক্তি এবং পুজো উদ্যোক্তাদের এই তালিকায় রাখা হতে পারে।

প্রবীণ নাগরিকদের সামনে রেখে এই বিশেষ আয়োজন কলকাতার দুর্গাপুজোকে আরও বৃহত্তর সামাজিক পরিসরে তুলে ধরতে পারে। পাশাপাশি দেশ-বিদেশের অতিথিদের সামনে বাংলার পুজোর ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক পর্যটনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

Leave a comment