সুরাপ্রেমীদের জন্য দু:খের খবর। পুজোর আগেই মদের দামে বড় বদল। বাড়তে চলেছে দাম৷ রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে অক্টোবর মাসেই বিদেশি, দেশি মদ ও বিয়ার, এই তিন ধরনের মদের ক্ষেত্রেই নতুন মূল্য কাঠামো তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনও জানানো হয়নি মূল্যবৃদ্ধির হার।

সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, পয়লা অক্টোবর থেকে মদের নতুন মূল্য কার্যকর করা হবে। কোনও পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও পণ্যগুলি নথিভুক্ত করতেই হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দোকানে মজুত থাকা পুরনো দামের মদ আপাতত বিক্রি করা যাবে। প্রস্তুতকারকদের বলা হয়েছে, উৎসবের মরশুমে মদের সরবরাহ যাতে বিঘ্নিত না হয়। পণ্যের নথিভুক্তি ও মূল্য কাঠামো নির্ধারণের জন্য সংস্থাগুলিকে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। 

পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেডের সদর দফতরে গত ৩ সেপ্টেম্বর একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে দেশি-বিদেশি মদ, বিয়ার সরবরাহের জন্য প্রকাশিত এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) নিয়ে বিভিন্ন সংস্থা ও প্রস্তুতকারকদের সঙ্গে আলোচনা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব মদের দাম অপরিবর্তিত থাকলেও সব পণ্যগুলিকেই নথিভুক্ত করতে হবে। 

সংস্থাগুলিকে জানানো হয়েছে, আবগারি আইন মেনে পণ্যের দাম ঘোষণা করতে হবে। পণ্যের দাম সর্বভারতীয় সর্বনিম্ন নির্ধারিত মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এছাড়াও পণ্য মজুত ও পরিচালনার খরচও নির্ধারিত সীমার মধ্যে রাখতে হবে সংস্থাগুলিকে। কোন মদের কী দাম হতে পারে সেই মূল্য কাঠামো বিজ্ঞপ্তিতে হয়নি। তবে অক্টোবর মাসেই কার্যকর হতে চলেছে নতুন মূল্য।

Leave a comment