দেবীপক্ষের সূচনায় ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য অনুষ্ঠানের পরিকল্পনা ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। মহালয়ার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে দুর্গাপুজোর সূচনা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি কলকাতায় নাও আসতে পারেন বলে সূত্রের খবর। পরিবর্তে ইডেনে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পরিকল্পনা অনুযায়ী, আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে চক্ষুদানের মাধ্যমে দুর্গাপুজোর সূচনা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। তার আগে রেড রোডে হওয়ার কথা পুজোর শোভাযাত্রা। আলোকসজ্জায় সেজে ওঠা রেড রোড ধরে ওই শোভাযাত্রায় ২৩টি জেলার ২৩ ধরনের নৃত্যকলা তুলে ধরার পরিকল্পনা রয়েছে। বাংলার বিভিন্ন প্রান্তের সাংস্কৃতিক ঐতিহ্যই সেখানে ফুটিয়ে তোলার কথা।
ইডেনেও থাকছে একাধিক বিশেষ আয়োজন। এক হাজার মহিলার উলুধ্বনির পাশাপাশি একসঙ্গে বাজবে প্রায় ১০ হাজার ঢাক। এই বিশেষ আয়োজন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিতে পারে বলেও মনে করা হচ্ছে। স্টেডিয়াম পরিক্রমার সময় মঞ্চে পুজোর গান পরিবেশন করার কথা শ্রেয়া ঘোষালের।
তবে প্রধানমন্ত্রীর সফর ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সূত্রের খবর, বৃহস্পতিবার রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে সিএবি কর্তাদের বৈঠক হয়। সেখানেই রাজ্যের তরফে জানানো হয়েছে, মহালয়ার দিন প্রধানমন্ত্রী সম্ভবত ইডেনে আসছেন না। তাঁর পরিবর্তে অমিত শাহের আসার সম্ভাবনা রয়েছে বলে খবর।
প্রধানমন্ত্রীকে ঘিরে যে পরিকল্পনা করা হয়েছিল, তাঁর অনুপস্থিতিতে সেই সূচিতেও বদল আনতে হতে পারে। চক্ষুদানের পর গাড়িতে করে গোটা ইডেন স্টেডিয়াম প্রদক্ষিণ করার কথা ছিল মোদির। এখন সেই পরিকল্পনাও বাতিল বা পরিবর্তিত হতে পারে বলে সংস্কৃতি দফতর সূত্রে জানা গিয়েছে।
ইতিমধ্যেই নিরাপত্তার কারণে ইডেন গার্ডেন্সের দায়িত্ব নিয়েছে এসপিজি। ২৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত স্টেডিয়ামটি তাদের নিয়ন্ত্রণে থাকার কথা। এর মধ্যেই ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলার রনজি অভিযান। প্রথম ম্যাচ দিল্লির বিরুদ্ধে। ফলে ইডেনে রনজি ম্যাচ আয়োজন কার্যত সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।
এর আগে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। দেশের প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে যোগ দিলে তা গর্বের বিষয়। প্রয়োজনে রনজি ম্যাচ ইডেনের পরিবর্তে কল্যাণীতে আয়োজন করা যেতে পারে বলেও জানিয়েছিলেন তিনি। তবে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর বাতিলের খবর সামনে আসায় গোটা আয়োজন নিয়েই নতুন করে তৈরি হয়েছে প্রশ্ন।

Leave a comment