মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর তৈরি পণ্যের বাজার তৈরি করতে প্রতি বছর নিউটাউনে বসত সবলা মেলা। সরকার বদলের পর এ বার নতুন নামে সেই মেলার আয়োজন হতে চলেছে। মেলায় মহিলাদের জন্য স্টলের সংখ্যাও বাড়ানো হচ্ছে। শুধু সমতলের নয়, দার্জিলিং ও কালিম্পংয়ের মহিলারাও এ বার মেলায় যোগ দিচ্ছেন। তাঁদের স্টলে পাওয়া যাবে মোমো, থুপ্পার মতো পাহাড়ি খাবার।

আগে ডিসেম্বর মাস নাগাদ এই মেলার আয়োজন করা হত। এ বার কিছুটা এগিয়ে ২৩ নভেম্বর থেকে নিউটাউন মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে মেলা। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকবেন বলে দফতর সূত্রে জানা গিয়েছে।

এ বার বদল আসছে মেলার নামেও। নতুন নামের প্রস্তাব ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। গত বছর মেলায় প্রায় ২৬০টি স্টল ছিল। তার মধ্যে ৯০টি ছিল মহিলা স্বনির্ভর গোষ্ঠীর। এ বার সেই সংখ্যা বাড়িয়ে ১০০টি করার সিদ্ধান্ত হয়েছে।

এতদিন এই মেলায় মূলত সমতলের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাই স্টল দিতেন। এ বার পাহাড়ের মহিলাদেরও সুযোগ দেওয়া হচ্ছে। দার্জিলিং ও কালিম্পং থেকে মহিলারা এসে নিজেদের স্টল দেবেন। মোমো, থুপ্পা-সহ বিভিন্ন পাহাড়ি খাবার মিলবে সেখানে।

নিউটাউনের পাশাপাশি কোচবিহারেও আগে সবলা মেলার আয়োজন করা হত। তবে এ বার আলাদা করে সেই মেলা হচ্ছে না। কোচবিহারের রাসমেলার সঙ্গেই সবলা মেলার আয়োজন করা হবে।

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের তৈরি পণ্য বিক্রির জন্য এই মেলা বড় বাজার তৈরি করে দেয়। মেলায় সরাসরি পণ্য বিক্রি করে আয় করেন তাঁরা। ফলে মেলার মাধ্যমে একদিকে যেমন নিজেদের তৈরি জিনিসের ক্রেতা পান মহিলারা, তেমনই বাড়ে তাঁদের আয়ের সুযোগও।

Leave a comment