চিংড়িঘাটার জট কাটিয়ে অবশেষে অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা সম্প্রসারণের কাজ এগোল আরও এক ধাপ। শনিবার বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান হয়েছে। সেই পরীক্ষা সফল হওয়ায় বড়দিনে নিউ গড়িয়া থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালুর আশা তৈরি হয়েছে। তবে তার আগে রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র প্রয়োজন। সেই অনুমোদন মিললেই যাত্রী পরিষেবা শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
চিংড়িঘাটার কাছে কাজ আটকে থাকায় প্রায় আড়াই বছর ধরে এই পথে মেট্রো চালু করা যায়নি। মাত্র ৩৬৬ মিটার অংশের কাজ বাকি থাকায় আটকে ছিল অরেঞ্জ লাইনের সম্প্রসারণ। শেষ পর্যন্ত সেই জট কাটে। জানা গিয়েছে, মাত্র ৯০ দিনের মধ্যে চিংড়িঘাটার ওই অংশ এবং সংলগ্ন লাইনের কাজ শেষ হয়েছে। তার পরেই শনিবার বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ট্রায়াল রান করা হয়।
নতুন অংশে রয়েছে গৌরকিশোর ঘোষ, নলবন এবং সেক্টর ফাইভ স্টেশন। এই পথে যাত্রী পরিষেবা চালু হলে নিউ গড়িয়া থেকে সরাসরি সেক্টর ফাইভে পৌঁছনো যাবে। ফলে অফিসের সময়ে যাতায়াতের জন্য সড়কপথের উপর নির্ভরতা কমবে। বিশেষ করে সেক্টর ফাইভের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে কর্মরতদের সুবিধা হবে। যানজট এড়িয়ে অনেক সহজে গন্তব্যে পৌঁছনোর সুযোগ মিলবে।
এখন অরেঞ্জ লাইনে কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার পথে মেট্রো চলছে। সম্প্রসারিত অংশে পরিষেবা চালু হলে রুটের দৈর্ঘ্য ১৫ কিলোমিটারেরও বেশি হবে। এর ফলে শহরের দক্ষিণ-পূর্ব প্রান্তের সঙ্গে সেক্টর ফাইভের যোগাযোগ আরও সহজ হবে বলে আশা।
তবে ট্রায়াল রান সফল হলেও এখনই যাত্রী পরিষেবা শুরুর দিনক্ষণ নিশ্চিত নয়। নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষা এবং রেলওয়ে সেফটি কমিশনারের অনুমোদন পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত বড়দিনের আগে এই পথে মেট্রো চালু হয় কি না, সেদিকেই নজর যাত্রীদের।

Leave a comment