ফের বহুতল ভেঙে বিপর্যয় দিল্লিতে। বৃহস্পতিবার সকালে চাওরি বাজার মেট্রো স্টেশনের কাছে একটি নির্মীয়মাণ তিনতলা বাড়ি আচমকাই ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল। শুরু হয় ধ্বংসস্তূপ সরানোর কাজ। ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ গলি সিতারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে দু’জনের দেহ উদ্ধার হয়েছে। মৃতদের নাম চন্দরপাল (৬০) ও বিজয় কুমার (৩৩)। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। তাঁদের খোঁজে জোরকদমে চলছে উদ্ধারকাজ।
কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নির্মাণকাজ চলার সময় পুরনো ছাদের একটি অংশ ভেঙে পড়ে। তার জেরেই গোটা বাড়িটি ধসে যায় বলে অনুমান। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দিল্লির বিভিন্ন এলাকায় বাড়ি ভেঙে পড়ার একাধিক ঘটনা ঘটেছে। প্রাণহানিও হয়েছে। তার মধ্যেই ফের এমন বিপর্যয়। একের পর এক দুর্ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার প্রশাসনকে নিশানা করেছে আম আদমি পার্টি।

Leave a comment