আমেরিকার ভোটের ফলের আঁচ এবার ভারতের শেয়ার বাজারে। বুধবার থেকেই বাজারে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল। বৃহস্পতিবার সেই গতি আরও বাড়ল। বাজার খোলার পরেই একলাফে প্রায় ১৩০০ পয়েন্ট বেড়ে যায় সেনসেক্স। পরে বৃদ্ধির পরিমাণ ১৫০০ পয়েন্টের কাছাকাছি পৌঁছয়। ৭৮ হাজারের গণ্ডিও পেরিয়ে যায় সূচক। পিছিয়ে থাকেনি নিফটিও। এদিন প্রায় ৩০০ পয়েন্ট বেড়েছে এই সূচক।

বুধবার ৩৮৩.৫৫ পয়েন্ট বৃদ্ধির পর ৭৭,৩০১.৪০ পয়েন্টে বন্ধ হয়েছিল সেনসেক্স। বৃহস্পতিবারও বাজারে কেনার প্রবণতা বজায় থাকে। অধিকাংশ সংস্থার শেয়ারের দাম বাড়লেও বিশেষ নজর কেড়েছে ইন্ডিগো। ভোটের ফল প্রকাশের পর মার্কিন বাজারেও বুধবার বড়সড় উত্থান দেখা গিয়েছে। গত তিন মাসে একদিনে এতটা বৃদ্ধি হয়নি বলেই খবর।

শেয়ার বাজারের পাশাপাশি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় টাকাও। বুধবারের তুলনায় ডলারের নিরিখে ২৯ পয়সা বেড়েছে টাকার দাম। বৃহস্পতিবার এক ডলারের মূল্য দাঁড়িয়েছে ৯৪.৩৬ টাকা।

এদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমাও ভারতের কাছে বড় স্বস্তি। ইরান যুদ্ধের কারণে ব্যারেলপিছু অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। বৃহস্পতিবার সেই দাম কমে ৯৪ ডলারে নেমেছে। ট্রাম্পের নির্বাচনী ধাক্কার পর ইরান যুদ্ধ নিয়ে আমেরিকার অবস্থানে বদল আসতে পারে বলে মনে করছে বাণিজ্য মহলের একাংশ। সেই সম্ভাবনা থেকেই তেলের বাজারে দামের এই পতন বলে মনে করা হচ্ছে। তেলের দাম কমলে আমদানির খরচও কমবে ভারতের।

অন্যদিকে, কিছুটা কমেছে সোনার দামও। মঙ্গলবার থেকেই ভারতীয় বাজারে ঊর্ধ্বগতির ইঙ্গিত মিলছিল। বুধবার মার্কিন বাজারের উত্থান বৃহস্পতিবার দালাল স্ট্রিটকে আরও চাঙ্গা করেছে। ধনতেরাসের আগে শেয়ার ও সোনা, দুই বাজারেই দর কমার বদলে স্বস্তির ছবি দেখে খুশি বিনিয়োগকারীরা।

Leave a comment