রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর জিটিএ-কে ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক জটিলতা কাটাতে বড় পদক্ষেপ নিল নবান্ন। গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-তে প্রশাসক নিয়োগ করা হয়েছে। আইএএস আধিকারিক স্ম্রুতিরঞ্জন মোহান্তিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। চিফ এগজিকিউটিভ পদ থেকে অনীত থাপার ইস্তফার পর পাহাড়ে প্রশাসনিক কাজকর্মে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তা কাটাতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার খারাপ আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চপার কালিম্পংয়ে পৌঁছতে পারেনি। শেষ পর্যন্ত শিলিগুড়ির উত্তরকন্যা থেকে ভার্চুয়াল মাধ্যমে সরকারি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকেই পাহাড়ের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

পাহাড়ে উন্নয়ন ও বিপর্যয় মোকাবিলার জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৫ সালে ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৩টি পরিবারকে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। পাহাড়ের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়নেও এই বরাদ্দ কাজে লাগবে বলে মনে করা হচ্ছে।

পুজোর আগে চা শ্রমিকদের জন্যও বড় ঘোষণা এসেছে। এ বছর চা শ্রমিকদের ২০ শতাংশ পুজো বোনাস দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বন্ধ হয়ে থাকা চা বাগানগুলি ফের খোলার জন্য রাজ্য সরকার উদ্যোগ নেবে বলেও জানানো হয়েছে।

কালিম্পংয়ের মহিলাদের অন্নপূর্ণা যোজনার সুবিধা নিয়েও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে ১৫ হাজার মহিলা এই প্রকল্পের টাকা পেয়েছেন বলে তাঁর দাবি। যোগ্য হওয়া সত্ত্বেও যাঁরা এখনও মাসে ৩ হাজার টাকা পাচ্ছেন না, তাঁদেরও টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।

স্বাস্থ্য পরিষেবায় কালিম্পংবাসীর জন্য আয়ুষ্মান ভারত কার্ডের ব্যবস্থা করার কথাও ঘোষণা করা হয়েছে। যাঁরা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে।

এদিন জিটিএ-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

শিক্ষক নিয়োগ, পানীয় জল-সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে তিনি জানিয়েছেন, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এফআইআর করা হবে এবং প্রয়োজন হলে গ্রেফতারও করা হবে।

Leave a comment