ঘূর্ণিঝড়ের প্রভাব কাটার পর ধীরে ধীরে নামতে শুরু করেছে পারদ। সকাল ও রাতের দিকে অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা দেখছে না আবহাওয়া দফতর। কালীপুজো পর্যন্ত রাজ্যে মোটের উপর এমনই আবহাওয়া বজায় থাকতে পারে। কিন্তু উৎসবের পর থেকেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। পুবালি বাতাসের সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি সোমবার থেকে বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রাও।
সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় রয়েছে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি উপকূলবর্তী জেলাগুলিতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতাতেও সোম ও মঙ্গলবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে অবশ্য বৃষ্টির সম্ভাবনা তুলনায় কম। বরং আগামী কয়েক দিনে সেখানে তাপমাত্রা আরও নামতে পারে। শনিবারের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার পূর্বাভাস রয়েছে। তবে সোমবার মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে।

Leave a comment