ঘূর্ণিঝড়ের দাপট আপাতত কমেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে আবহাওয়ার মেজাজও। সকাল ও রাতের দিকে হালকা শীতের আমেজ টের পাচ্ছেন কলকাতাবাসী। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় কমেছে প্রায় ২ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী দু’দিনে পারদ আরও কিছুটা নামতে পারে। জেলার তাপমাত্রাও কমার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার ধনতেরাস, রবিবার কালীপুজো। উৎসবের এই দু’দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা নেই বললেই চলে। তবে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দার্জিলিং থেকে মালদহ, উত্তরের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রায় এখনই বড়সড় পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না আবহবিদরা।

আলিপুরের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা কমে দাঁড়িয়েছে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াসে। যদিও এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রাও কমেছে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম।

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই। তবে শহরের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। কালীপুজোর আগে তাপমাত্রার এই পতনে উৎসবের আমেজে কিছুটা শীতের ছোঁয়া লাগবে বলেই মনে করছেন অনেকে।

Leave a comment