সবুজ বাজির মোড়কে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি হচ্ছে কি না, তা এবার সহজেই যাচাই করা যাবে। কালীপুজো ও দীপাবলির আগে এমনই ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। বৈধ সবুজ বাজি চেনার জন্য বিশেষ কিউআর কোড তৈরি করেছে লালবাজার। মোবাইলে কোডটি স্ক্যান করলেই পাওয়া যাবে ১৭০০টি অনুমোদিত বাজির নাম। শহরের বিভিন্ন বাজি বাজারে এই কোড রাখা হবে। ফলে বাজি কিনতে গিয়ে কোনও পণ্য নিয়ে সন্দেহ হলে ক্রেতারাও তার বৈধতা মিলিয়ে নিতে পারবেন।
কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের তরফে তৈরি হয়েছে এই কিউআর কোড। বাজি বাজারের পাশাপাশি টহলরত পুলিশকর্মীদের কাছেও থাকবে সেটি। কোনও দোকানে সন্দেহজনক বাজি বিক্রি হচ্ছে বলে মনে হলে তালিকা দেখে তা যাচাই করতে পারবেন তাঁরা।
কালীপুজো ও দীপাবলির আগে নিষিদ্ধ শব্দবাজি পাচার রুখতে প্রতি বছরই তৎপর হয় পুলিশ। এবারও সবুজ বাজির প্যাকেটের আড়ালে নিষিদ্ধ বাজি শহরে ঢোকানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা লালবাজারের। বাইরে থেকে প্যাকেট দেখে ভিতরে কী ধরনের বাজি রয়েছে, তা বোঝা মুশকিল। আবার দূর থেকে শব্দ শুনেও বাজিটি বৈধ কি না, তা নিশ্চিত হওয়া যায় না। এই সমস্যার কথা মাথায় রেখেই কিউআর কোডের ব্যবস্থা।
শহরে নিষিদ্ধ বাজির প্রবেশ আটকাতে সীমান্তবর্তী এলাকাগুলিতেও নজরদারি চলছে। দিন ও রাত, দু’সময়েই চলছে নাকা তল্লাশি। বাইরে থেকে কোনও গাড়িতে নিষিদ্ধ বাজি আনা হচ্ছে কি না, তা খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। পাশাপাশি বাজি বাজারের বাইরে বেআইনিভাবে দোকান খুলে বিক্রি করা হচ্ছে কি না, সেদিকেও নজর রাখা হচ্ছে।
এদিকে সাধারণ মানুষকে সতর্ক করতে প্রায় ৯০ হাজার পোস্টার ও লিফলেট প্রকাশ করেছে লালবাজার। বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় তৈরি এই প্রচারপত্র কলকাতা পুলিশের দশটি ডিভিশনে পাঠানো হচ্ছে। তাতে বাজি ফাটানোর ক্ষেত্রে শব্দের নির্দিষ্ট মাত্রা উল্লেখ করা হয়েছে। চার মিটার দূরত্বে সর্বাধিক ১২৫ ডেসিবেল শব্দ উৎপাদনকারী অনুমোদিত সবুজ বাজি ফাটানো যাবে। সবুজ আলোর আতসবাজির ক্ষেত্রে ওই দূরত্বে শব্দের সর্বোচ্চ মাত্রা ৯০ ডেসিবেল।
নিরি (NEERI)-র সবুজ বাজির তালিকায় ‘সাউন্ড অ্যান্ড ফ্লাওয়ার পট’ ছাড়াও শুধুমাত্র ‘সাউন্ড’ উল্লেখ রয়েছে, এমন একাধিক বাজি রয়েছে। পুলিশের আশঙ্কা, এই ধরনের বাজির নাম ও মোড়ককে কাজে লাগিয়েই নিষিদ্ধ শেল পাচারের চেষ্টা হতে পারে। তাই উৎসবের মরশুমে শহরের বিভিন্ন প্রান্তে নজরদারি চালানোর পাশাপাশি বাজি কেনার সময় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে লালবাজার।

Leave a comment