আইসিএসই পরীক্ষার সময় এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। ২০২৭ সাল থেকে দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। এতদিন সকাল ১১টায় পরীক্ষা শুরু হত। নতুন সূচি চালু হলে এক ঘণ্টা আগেই পরীক্ষা দিতে বসতে হবে পড়ুয়াদের। একই দিনে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা থাকলে স্কুলগুলিকে যে ঝক্কি পোহাতে হয়, তা কমবে বলেই মনে করা হচ্ছে।

নতুন নিয়মে সকাল ১০টায় প্রশ্নপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ। অর্থাৎ, সকাল ১০টা ১৫ মিনিট থেকে উত্তর লেখা শুরু হবে। দু’ঘণ্টার পরীক্ষা শেষ হবে দুপুর ১২টা ১৫ মিনিটে। তিন ঘণ্টার পরীক্ষা চলবে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত।

এতদিন আইসিএসই পরীক্ষা শুরু হত সকাল ১১টায়। আর আইএসসি অর্থাৎ দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হত দুপুর ২টোয়। একই দিনে দু’টি পরীক্ষা থাকলে স্কুলগুলিকে বেশ সমস্যায় পড়তে হত। বিশেষ করে হিন্দি ও গণিতের মতো বিষয়ের তিন ঘণ্টার পরীক্ষা থাকলে সেই সমস্যা আরও বাড়ত। কারণ, দশমের পরীক্ষা শেষ হতে হতে দুপুর ২টো বেজে যেত। এরপর অল্প সময়ের মধ্যে পরীক্ষার হল খালি করে দ্বাদশের পড়ুয়াদের বসানোর ব্যবস্থা করতে হত।

আইএসসি পরীক্ষার আগেও পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট সময় দিতে হয়। ফলে দশমের পরীক্ষা শেষ হওয়ার পর হলের বেঞ্চের বিন্যাস বদলানো, আসন ঠিক করা-সহ বাকি প্রস্তুতি সারতে হিমশিম খেতে হত স্কুলগুলিকে। দু’ঘণ্টার পরীক্ষার দিনেও এই সময়ের টানাটানি থাকত।

নতুন সূচি চালু হলে সেই সমস্যা অনেকটাই মিটবে। তিন ঘণ্টার আইসিএসই পরীক্ষা দুপুর ১টা ১৫ মিনিটে শেষ হওয়ায় আইএসসি পরীক্ষার আগে স্কুলগুলি হাতে পাবে ৪৫ মিনিট। তবে পরীক্ষা এক ঘণ্টা এগিয়ে আসায় প্রশ্নপত্র সংগ্রহ ও পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার কাজও আগেভাগে সেরে রাখতে হবে।

Leave a comment