কালীপুজোর আগে ফের নামতে চলেছে বঙ্গের তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে সকাল ও সন্ধ্যায় আবহাওয়া থাকবে বেশ মনোরম। পশ্চিমের জেলাগুলিতে ভোর ও রাতের দিকে হালকা শীতের অনুভূতিও মিলতে পারে। তবে তাপমাত্রা কমার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। কালীপুজো মিটতেই ফের বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

রবিবার কালীপুজো পর্যন্ত মূলত শুষ্কই থাকবে আবহাওয়া। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা।

মঙ্গলবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়ার এই পরিস্থিতি কাটলে শীতের আমেজ আরও বাড়তে পারে বলে মনে করছেন আবহবিদরা।

শনিবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

উত্তরবঙ্গেও সপ্তাহের শুরু থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মঙ্গলবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দু-এক জায়গায় দমকা হাওয়া বইতে পারে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে কালীপুজোর পর থেকেই রাজ্যের দুই প্রান্তে আবহাওয়ার ভোলবদল হতে পারে।

Leave a comment