কালীপুজোয় বৃষ্টির আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত স্বস্তি মিলেছিল। কিন্তু ভাইফোঁটায় সেই স্বস্তি নাও থাকতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। বুধবার ভাইফোঁটার দিনও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। সপ্তাহের শেষ দিকে ফিরবে শুষ্ক আবহাওয়া। সেই সঙ্গে নামতে পারে তাপমাত্রাও।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণপূর্ব বাংলাদেশের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের অধিকাংশ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির দাপট কমলেও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের কিছু এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বুধবারও এই পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সমতলের বাকি তিন জেলায় দু-এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়া শুষ্ক হওয়ার পূর্বাভাস।

কলকাতার ক্ষেত্রে মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকছে। আকাশ প্রথমে আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে মেঘের পরিমাণ বাড়তে পারে। মেঘের কারণে দিনের তাপমাত্রা খুব একটা বাড়বে না। তবে রাতের তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। শহর ও সংলগ্ন এলাকায় সকালের দিকে কুয়াশার দাপট বাড়তে পারে। সপ্তাহান্তে ফের তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা। ফলে ফিরে আসতে পারে মনোরম আবহাওয়া।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯৫ শতাংশ।

Leave a comment